ইন্দোনেশিয়ান কারি: বিফ রেনডাং
২০১৭ সালে CNN Travel একটা জরিপ চালায় পৃথিবীর সবচেয়ে মজাদার খাবার খুঁজে পাওয়ার জন্য। পরে সে জরিপের ফলাফল অনুসারে পৃথিবীর সবচেয়ে মজাদার খাবার হিসেবে নির্বাচিত হয় ইন্দোনেশিয়ান কারি বিফ রেনডাং। চলুন সেই বিফ রেনডাংয়ের রেসিপিটাই আজকে জেনে নেয়া যাক।
- ৮ জন
- ৪ ঘণ্টা
- জানুয়ারি ৪, ২০২১
উপকরণ
- গরুর মাংস (১ কেজি)
- নারিকেলের দুধ (১ লিটার)
- পেয়াজ (বড় সাইজের ২ টা)
- শুকনো মরিচ (৫-৬ টা)
- আদা (২-৩ টুকরা)
- রসুন (৭-৮ কোয়া)
- এলাচ (৬ টা)
- দারুচিনি (৪-৫ টুকরা)
- লবঙ্গ (৪-৫ টা)
- তেজপাতা (১-২ টা)
- স্টার অ্যানিস (১ টা)
- হলুদের গুড়া (১ চা চামচ)
- মরিচের গুড়া (১ চা চামচ)
- জিরার গুড়া (১ চা চামচ)
- ধনিয়ার গুড়া (১/২ চা চামচ)
- তেঁতুলের টক (২ টেবিল চামচ)
- তেল (১ টেবিল চামচ)
- লবন (স্বাদমতো)
- লেমন গ্রাস (৩-৪ টুকরা)
রন্ধনপ্রণালী
- প্রথমেই ১-২টা শুকনো মরিচ আলাদা রেখে বাকি শুকনো মরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, স্টার অ্যানিস আর সবগুলো গুড়া মসলা একসাথে করে ভালো করে গুড়ো করে নিন। এবারে একটা ব্লেন্ডারে পেয়াজ, আদা, রসুন ব্লেন্ড করে নিন। এবারে এর সাথে মসলার গুড়ো মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- একটা পাত্রে ১ টেবিল চামচ তেল নিয়ে তাতে এই মসলার পেস্টটা দিয়ে দিন। মসলা সামান্য ভাজা হয়ে গেলে তাতে ২ টেবিল চামচ তেঁতুলের টক আর স্বাদমতো লবন দিয়ে নাড়তে থাকুন। ২-৩ মিনিট পরে এতে ছোট ছোট টুকরো করে কাটা গরুর মাংস দিয়ে দিন। ভালো করে নাড়ুন। এ পর্যায়ে এতে ১ লিটার নারিকেলের দুধ দিয়ে ভালো করে নাড়ুন। এবারে চুলার আঁচ একদম কমিয়ে দিন।
- এই ডিশটি কমপক্ষে ৩-৪ ঘন্টা খুব অল্প আঁচে রান্না করতে হয়। ১০-১৫ মিনিট পর পর মিশ্রণ নেড়ে দিন, যাতে হাঁড়ির তলায় পুড়ে না যায়। নারিকেলের দুধ কমে প্রায় অর্ধেক হয়ে এলে তাতে লেমন গ্রাস আর আলাদা করে রাখা শুকনো মরিচ দুই ভাগ করে দিয়ে দিন। তরল শুকিয়ে তরকারি একদম শুকনো শুকনো হয়ে গেলে রান্না হয়ে গেছে। এবারে লেমন গ্রাস তুলে ফেলে দিয়ে বাকিটা পরিবেশন করুন।