ক্যারট কেক

চলুন দেখে নেয়া যাক খুব সহজেই মজাদার ক্যারট কেক তৈরি করার রেসিপি।

  • ৮ জন
  • ১ ঘণ্টা ১০ মিনিট
  • অক্টোবর ১২, ২০২৩
ক্যারট কেক

উপকরণ

  • ময়দা (২ কাপ)
  • চিনি (১ কাপ)
  • ডিম (৪ টা)
  • বাটার (১০০ গ্রাম)
  • বেকিং পাউডার (২৪ গ্রাম)
  • বেকিং সোডা (৮ গ্রাম)
  • লবন (১ চিমটি)
  • গাজর কুচি (১ কাপ)
  • ভ্যানিলা এসেন্স (১০ মিলি)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই গাজরের খোসা ছাড়িয়ে ধুয়ে একটা গ্রেটারে গ্রেট করে ১ কাপ পরিমাণ নিন। গাজরের রস যতটুকু সম্ভব চিপে ফেলে দিন। এরপরে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আর লবন একসঙ্গে নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
  2. এবারে ডিম ভেঙ্গে ডিমের কুসুম আলাদা করে রাখুন। সাদা অংশ ভালো করে ফেটে পুরোপুরি ফোম না হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ফোম তৈরি হয়ে গেলে তা আলাদা করে রাখুন।
  3. এবারে একটা বড় পাত্রে ডিমের কুসুম নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন। এবারে এই ডিমের মিশ্রণে চিনি, বাটার আর ভ্যানিলা এসেন্স মিশিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়তে থাকুন। এবারে একটা মিহি ছিদ্রওয়ালা চালুনিতে চেলে আস্তে আস্তে শুকনো উপকরণের মিশ্রণটি এর সঙ্গে মেশান এবং ভালো করে নাড়তে থাকুন। মিশ্রণটি ভালোভাবে মিশে গেলে এর সঙ্গে আগে থেকে তৈরি করে রাখা ডিমের সাদা অংশের ফোম মিশিয়ে নিন। ওপরের ধাপগুলোতে ইলেকট্রিক মিক্সার ব্যবহার করলেও এই ধাপে একটা স্প্যাচুলা দিয়ে আলতো করে মিশিয়ে নিন। সবশেষে গাজরের কুচি দিয়ে স্প্যাচুলার সাহায্যে আলতো করে মিশিয়ে নিন।
  4. এবারে বেকিংয়ের পাত্রে চারদিকে ভালো করে বাটার মাখিয়ে নিন। এরপর পাত্রের তলার মাপে বেকিং পেপার কেটে তাতেও বাটার মাখিয়ে নিচে রাখুন। এবারে একটা ১৭৫ ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে ৩৫-৪৫ মিনিটের জন্য বেক করতে দিন। বেকিং সম্পূর্ণ হয়েছে কিনা এটা পরীক্ষা করার জন্য একটা টুথপিক নিয়ে কেকে ডুবালে সেটি যদি পরিষ্কার ভাবে উঠে আসে তাহলে বুঝবেন কেক তৈরি হয়ে গেছে। এবার ওভেন থেকে নামিয়ে ১০ মিনিট ঠান্ডা হতে দিন। সবশেষে টুকরা টুকরা করে কেটে পরিবেশন করুন।