ডাটা দিয়ে গরুর মাংসের ঝোল

গরুর মাংস আমরা সবাই কমবেশি পছন্দ করি। চলুন দেখে নেই ডাটা দিয়ে গরুর মাংসের ঝোলের রেসিপি।

  • ৬ জন
  • ১ ঘণ্টা ৩০ মিনিট
  • মে ২১, ২০২০
ডাটা দিয়ে গরুর মাংসের ঝোল

উপকরণ

  • গরুর মাংস (১ কেজি)
  • ডাটা (৩৫০ গ্রাম)
  • হলুদ গুড়া (১ চা চামচ)
  • মরিচ গুড়া (১ চা চামচ)
  • জিরা গুড়া (১ চা চামচ)
  • ধনিয়া গুড়া (১/২ চা চামচ)
  • গরম মসলার গুড়া (১ চা চামচ)
  • এলাচ (৪ টা)
  • দারুচিনি (৪ টুকরা)
  • লবঙ্গ (৪ টা)
  • তেজপাতা (২ টা)
  • স্টার এনিস(Star Anise) (১ টা - অপশনাল)
  • লবন (স্বাদমতো)
  • কাঁচামরিচ (৪-৫ টা)
  • পেয়াজ কুচি (১ কাপ)
  • আদা বাটা (১ চা চামচ)
  • রসুন বাটা (১ চা চামচ)
  • তেল (১/২ কাপ)
  • ভাজা জিরার গুড়া (১ চা চামচ)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই ১ কেজি গরুর মাংস মিডিয়াম সাইজের টুকরা করে কেটে ধুয়ে নিন। এবারে ডাটার খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে একটা বাটিতে তুলে রাখুন। এবারে একটা পাত্রে তেল দিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। পেয়াজ কুচি একটু নরম হয়ে এলে তাতে কাঁচামরিচ ও ভাজা জিরার গুড়া ছাড়া বাকি মসলাগুলো একে একে দিয়ে দিন। মসলা যাতে পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখুন, প্রয়োজনে সামান্য পানি দিন। মসলা কষানো হয়ে গেলে তাতে গরুর মাংস দিয়ে দিন এবং ভালো করে কষাতে থাকুন। গরুর মাংস রান্না হতে সাধারণত একটু বেশি সময় লাগে, তাই ভালো করে কষাতে থাকুন।
  2. মাংস প্রায় সেদ্ধ হয়ে গেলে তাতে পরিমাণমতো পানি দিন। আপনি যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন, সে পরিমাণ পানি দিতে পারেন। ঝোল ফুটে উঠলে তাতে ডাটার টুকরাগুলো দিয়ে দিন। মাংস ও ডাটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। এবারে উপরে কাঁচামরিচ আর ভাজা জিরার গুড়া ছড়িয়ে দিন।