মুগ ডালে গরুর মাংসের ভুনা

পরটার সাথে মুগ ডাল দিয়ে গরুর মাংসের ভুনার কোন তুলনাই হয় না। চলুন রেসিপিটা দেখে নেই।

  • ৬ জন
  • ১ ঘণ্টা ৪০ মিনিট
  • এপ্রিল ২২, ২০২০
মুগ ডালে গরুর মাংসের ভুনা

উপকরণ

  • গরুর মাংস (১ কেজি)
  • মুগ ডাল (১.৫ কাপ)
  • হলুদ গুড়া (১ চা চামচ)
  • মরিচ গুড়া (১ চা চামচ)
  • জিরা গুড়া (১ চা চামচ)
  • ধনিয়া গুড়া (১/২ চা চামচ)
  • গরম মসলার গুড়া (১ চা চামচ)
  • এলাচ (৪ টা)
  • দারুচিনি (৪ টুকরা)
  • লবঙ্গ (৪ টা)
  • তেজপাতা (২ টা)
  • স্টার এনিস(Star Anise) (১ টা - অপশনাল)
  • লবন (স্বাদমতো)
  • কাঁচামরিচ (৪-৫ টা)
  • পেয়াজ কুচি (১ কাপ)
  • আদা বাটা (১ চা চামচ)
  • রসুন বাটা (১ চা চামচ)
  • তেল (১/২ কাপ)
  • ভাজা জিরার গুড়া (১ চা চামচ)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই মুগ ডাল একটা প্যানে ভেজে নিন। ভাজার সময় খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। এবার ডাল ঠান্ডা করে পানি দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার পানি ঝরিয়ে ডাল একটা বাটিতে তুলে রাখুন।
  2. এরপর গরুর মাংস মিডিয়াম সাইজের টুকরা করে কেটে ধুয়ে নিন। এবারে একটা পাত্রে তেল দিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। পেয়াজ কুচি একটু নরম হয়ে এলে তাতে কাঁচামরিচ ও ভাজা জিরার গুড়া ছাড়া বাকি মসলাগুলো একে একে দিয়ে দিন। মসলা যাতে পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখুন, প্রয়োজনে সামান্য পানি দিন। মসলা কষানো হয়ে গেলে তাতে গরুর মাংস দিয়ে দিন এবং ভালো করে কষাতে থাকুন। গরুর মাংস রান্না হতে সাধারণত একটু বেশি সময় লাগে, তাই ভালো করে কষাতে থাকুন।
  3. মাংস প্রায় সেদ্ধ হয়ে গেলে তাতে পরিমাণমতো পানি দিন। এবার এতে মুগ ডাল দিয়ে দিন। ডাল ও মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। ডাল সেদ্ধ হয়ে গেলে নামানোর ৪-৫ মিনিট আগে কাঁচামরিচ দিয়ে দিন। নামানোর আগে ভাজা জিরার গুড়া ছড়িয়ে দিন। এবার পরিবেশন করুন।