সিলাগো মাছের চচ্চড়ি
আমি যেখানে থাকি, সেখানে দেশি মাছ পাওয়া গেলেও তাজা মাছ পাওয়া যায় না। যা পাওয়া যায়, তার সবই ফ্রোজেন মাছ। তাজা মাছ খাওয়ার একমাত্র উপায় চাইনিজ গ্রোসারির মাছ। সেখানে সিলাগো মাছ (Silver Sillago) পাওয়া যায়, যেটা সাউথ-ইস্ট এশিয়ায় অত্যন্ত জনপ্রিয়। এই মাছের চচ্চড়ি খুব সহজেই রান্না করা যায়। এই রান্নাটি খেতে খুব সুস্বাদু। আমার মনে হয় এই রান্নাটি আপনাদেরও খুব ভাল লাগবে।
- ৪ জন
- ৩০ মিনিট
- নভেম্বর ১২, ২০২৩
উপকরণ
- সিলাগো মাছ (৫০০ গ্রাম)
- পেয়াজ কুচি (১ কাপ)
- হলুদের গুড়া (২ চা চামচ)
- মরিচের গুড়া (২ চা চামচ)
- আদা বাটা (১ চা চামচ)
- রসুন বাটা (১ চা চামচ)
- কাঁচা মরিচ (৫-৬ টি)
- তেল (২ টেবিল চামচ)
- টমেটো (২ টি)
- লবন (স্বাদমতো)
- ধনে পাতা (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
- প্রথমেই মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন। এবারে একটা কড়াইয়ে মাছের সঙ্গে ধনে পাতা ছাড়া বাকি সব উপকরণ নিয়ে ভালো করে মাখিয়ে নিন। কড়াইটি চুলায় বসিয়ে ঢেকে রান্না করুন। এই মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না। ৭-৮ মিনিট পরে একবার মাছগুলো নেড়ে দিন। খুব বেশি নাড়লে মাছ ভেঙে যাবে, তাই খুব সাবধানে অল্প করে নাড়লেই হবে। আরো ৫-৬ মিনিট পরে মাছ রান্না হয়ে গেলে উপরে ধনে পাতা কুচি ছিটিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার সিলাগো মাছের চচ্চড়ি।